আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, আমরা জানতাম সৃষ্টিকর্তা আমাদের সঙ্গেই আছেন। আমাদের এখান থেকেই বাদ পড়তে দেবেন না।
বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে গত রাতের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার প্রতি মহান সৃষ্টি কর্তার কৃপা ছিল এমনটাই মনে করেন মেসি। মঙ্গলবার ২-১ গোলে নাইজেরিয়াকে হারানোর পর আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।
৯০ মিনিটের ওই লড়াইয়ে মেসির দলকে শেষ মিনিটে সফলতা এনে দিয়েছেন মার্কোস রোহো। তার আচমকা শটের গোলেই আর্জেন্টিনা ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে জায়গা পেয়েছে।
শুরুতে মেসির গোলে দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি সেন্ট পিটার্সবার্গে একটা ভাল সূচনা করলেও ৫১তম মিনিটে পেনাল্টি থেকে নাইজেরিয়া ম্যাচে সমতা ফিরিয়ে আনে। এরফলে একেবারেই ভেঙ্গে পড়ে জর্জ সাম্পাওলির দলটি। রোহোর শেষ মুহূর্তের গোলটি না পেলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো মেসির দলকে।
ক্যারিয়ারে এটিই মেসির জন্য সবচেয়ে উত্তেজনাকর ম্যাচ কি-না প্রশ্ন করা হলে জবাবে এই বার্সেলোনা সুপার স্টার বলেন, এমন স্নায়ুক্ষয়ী ম্যাচ আমি আগে খেলেছি কিনা মনে পড়ছে না। এটি এমন এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল, যেখানে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিয়তার মুখে পড়ে যায়।
কোচ সাম্পাওলি বলেন, পেনাল্টির পর আমরা কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। দ্বিতীয় পর্বে পৌঁছানোর বিষয়ে শংকিত হয়ে পড়ি। অবশেষ এই সমাপ্তিতে আমরা বিমোহিত।
ইত্তেফাক/এমআই
