নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৯:৩৮

নরসিংদীর মনোহরদীতে আউলিয়া আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও কানারবাড়ী এলাকায় বাড়ির অদূরে একটি বেত বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আউলিয়া আক্তার বীরগাঁও কানারবাড়ি এলাকার বাবু মিয়ার মেয়ে। সে দক্ষিণ চরমান্দালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলছাত্রী আউলিয়া আক্তার মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে বাড়িতে এসে খাওয়া-দাওয়া শেষে পার্শ্ববর্তী নানার বাড়িতে যাওয়ার জন্য বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘসময় তাকে খুঁজে বাড়ির অদূরে একটি বেত বাগানের ভেতরে তার গলায় ওড়না পেঁচানো লাশ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. তানভীর আহমেদ বলেন, নিহতের লাশ সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিশুটিকে মূলত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের কিছু আলামত পাওয়া গেছে। তবে আমরা এখনো তা নিশ্চিত নই। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরিবারের লোকজন মনোহরদী থানায় গিয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু