দক্ষিণ সুদানে বাংলাদেশের একজন শান্তিরক্ষীকে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মুখপাত্রের মাধ্যমে তিনি নিহত লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকীর পরিবারের সদস্য ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশি ওই শান্তিরক্ষী দক্ষিণ সুদানে বিপন্ন সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা সরবরাহ করতেন। জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যায় বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে বলা হয়, ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনএমআইএসএস) মিশনে নিয়োজিত সাহসী সব পুরুষ ও নারী, যারা সেবা দিচ্ছেন দক্ষিণ সুদানের বেসামরিক মানুষজনকে রক্ষা করতে ও স্থিতিশীলতা রক্ষার জন্য তাদের প্রতি জাতিসংঘ মহাসচিব তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর নাম লেফটেন্যান্ট কমান্ডার আশরাফ সিদ্দিকী বলে জানিয়েছে ইউএনএমআইএসএস। নেপালি শান্তিরক্ষীদের একটি বহরের সঙ্গে ছিলেন। তাদের লক্ষ্য ছিল মানবিক সুরক্ষা নিশ্চিত করা। ইয়েই এলাকা থেকে লাসু যাওয়ার পথে বন্দুকধারীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় বাংলাদেশি ওই শান্তিরক্ষীর গুলি লাগে এবং অল্প সময় পরেই তিনি মারা যান।
ইউএনএমআইএসএস-এর প্রধান ও ইউএন স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ডেভিড শিয়ারের বলেন, এই প্রাণহানী একটি ট্রাজেডি। শান্তিরক্ষী ও ত্রাণকর্মীদের তাদের কাজ মুক্তভাবে ও নিরাপত্তার সঙ্গে করতে দেওয়া উচিত।
ইত্তেফাক/এমআই
