সরকারের চাপে ভোট নিয়ে গণমাধ্যম কিছু লেখেনি: আমির খসরু

আপডেট : ২৮ জুন ২০১৮, ১৬:০৪
সরকারের চাপের মুখে গণমাধ্যম গাজীপুরের নির্বাচন নিয়ে কিছু লিখতে পারেনি এবং দেখাতেও পারেনি বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার গণমাধ্যমকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে তারা সত্য কথা তুলে ধরতে পারছে না। তাদের ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। খুলনায় যেটুকু দেখাতে পেরেছিল, গাজীপুরে তাও পারেনি। 
 
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। ‘খুলনা ও গাজীপুরের নির্বাচনী প্রহসন: বিপর্যস্ত ভোটের অধিকার’শীর্ষক এ সভার আয়োজন করে নাগরিক অধিকার ফোরাম। 
 
আমির খসরু বলেন, আগামী দিনে আমাদের শপথ দুটি। একটি হলো খালেদা জিয়াকে (কারাগার থেকে) মুক্ত করা, অপরটি আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা। 
 
আমির খসরু বলেন, ‘দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এস্টেট ধ্বংস হয়ে গেছে। আর এখন চতুর্থ এস্টেট গণমাধ্যমকে ধ্বংস করতে চায়। ভোট ডাকাতি করতে গিয়ে তারা গাজীপুর নির্বাচনে গণমাধ্যমকেও বাধা দিয়েছে। গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন নির্বাচন করতে হয় না। তাদের কাজ ডিবি, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ করে দেয়। গাজীপুর ও খুলনা নির্বাচন আওয়ামী লীগ নেতাকর্মীরা করেনি। এগুলো করেছে পুলিশ, ডিবির একটি অংশ। আর নির্বাচন কমিশন তাদের সহযোগিতা করেছে। এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেয়ার প্রক্রিয়া। এই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণকে একাতবদ্ধভাবে কাজ করতে হবে। নয়তো এভাবে চললে চিরতরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। দেশ শাসিত হবে অবৈধ সরকার দ্বারা আর অবৈধ স্থানীয় প্রতিনিধিদের নেতৃত্বে। সুতরাং আমাদেরকে আইনের শাসন ফিরে পেতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি এক্ষেত্রে সহযোগিতা করবে।’ 
 
আয়োজক সংগঠনের সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ মো. নেসারুল হক, ফরিদ উদ্দিন, শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি