উত্তর কোরিয়ার ওপর ‘কঠোর প্রতিরক্ষামূলক অবস্থানের’ প্রতিশ্রুতি ম্যাটিসের

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৪:০৩
উত্তর কোরিয়া ওপর আঞ্চলিক মিত্রদের সঙ্গে মিলে কঠোর প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস শুক্রবার এমনটা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, সম্প্রতি উত্তর কোরিয়ার সাথে আলোচনা চলার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সাথে একটি যৌথ সামরিক মহড়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এতে করে আশঙ্কা দেখা দিয়েছে, উত্তর কোরিয়ার জন্য অন্যান্য আঞ্চলিক মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অবস্থান দুর্বল হয়ে যেতে পারে। এমতাবস্থায়, আঞ্চলিক মিত্র দেশগুলোর সাথে ওয়াশিংটন ‘কঠোর’ প্রতিরক্ষা অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন ম্যাটিস।
 
আঞ্চলিক সফরের তৃতীয় ধাপে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর ম্যাটিস বলেন, এ অঞ্চলে আমাদের মিত্র দেশগুলোর প্রতি আমরা সহযোগিতামূলক কঠোর প্রতিরক্ষা অবস্থান বজায় রেখেছি।
 
ম্যাটিস বলেন, উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র তাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে একটি সম্মিলিত শক্ত প্রতিরক্ষামূলক অবস্থান বজায় রাখবে। আর জাপান এই আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তি হবে।
 
সম্প্রতি জাপানের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন ম্যাটিস। বৈঠকে জাপানের কর্মকর্তাদের মধ্যে তৈরি হওয়া আশঙ্কা দূর করেন তিনি। জাপানের আশঙ্কা, উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য জাপানের স্বার্থের মূল্য কমে যাবে যুক্তরাষ্ট্রের কাছে। কিন্তু ম্যাটিস যুক্তরাষ্ট্রের কাছে জাপানের অগ্রাধিকার থাকার বিষয়টি পুনরায় নিশ্চিত করলেন। 
 
ইত্তেফাক/ জেআর