বিএনপি আকাশের ঠিকানায় ভিত্তিহীন অভিযোগের ফিরিস্তি পাঠাচ্ছে: ইনু

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৫:০৩
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি আকাশের ঠিকানায় চিঠি লেখার মতই কেবলই হাওয়ায় হাওয়ায় ভিত্তিহীন অভিযোগের ফিরিস্তি পাঠাচ্ছে। মিথ্যাচার ও গুজব ছড়ানোই বিএনপির ইদানিংকার প্রধান রাজনৈতিক কৌশল।
 
শুক্রবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যামিক প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন। ইনু আরো বলেন, চক্রান্তের অংশ হিসেবে নির্বাচনকে ব্যবহার করার জন্যই একদিকে নাশকতার পরিকল্পনা আরেকদিকে সুনিদিষ্ট অভিযোগ লিপিবদ্ধ না করে কেবল ঢালাও মিথ্যাচারের বেলুন উড়ায় বিএনপি। যতদিন পাকিস্তানপন্থার রাজনীতি করবে ততদিন বাংলাদেশের রাজনীতিতে কোন জাতীয় ঐক্য গঠন করতে পারবে না খালেদা জিয়া এবং বিএনপি।
 
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল আলিম স্বপন, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আয়নূর যায়েদ, উপজেলা প্রধানশিক্ষক মাধ্যমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রধানশিক্ষক মুজিবুর রহমান সান্টু, প্রধানশিক্ষক আ. হাই সিদ্দিকী, সুপার মাসুদ করিম প্রমুখ।
 
এর আগে তথ্যমন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে অপহরণকারীদের হাতে নিহত শিশু দেব দত্তের পরিবারের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় মিরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি