মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আইএস সদস্যর ফাঁসি কার্যকর করলো ইরাক

আপডেট : ২৯ জুন ২০১৮, ১৫:২২
জঙ্গি গোষ্ঠী আইএসের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ সদস্যের ফাঁসি কার্যকর করেছে ইরাক। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির কার্যালয় একথা জানিয়েছে। সম্প্রতি জঙ্গি গোষ্ঠীটি আট বন্দিকে হত্যা করার পর এই পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী। খবর আল জাজিরার।
 
খবরে বলা হয়, বৃহস্পতিবার আইএস জঙ্গিদের ফাঁসি কার্যকর করা হয়। আবাদি বুধবার এই জঙ্গিদের মৃত্যুদণ্ড তাৎক্ষণিকভাবে  কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন।
সরকারের এক মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ১২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করা হয়েছে।
 
বুধবার ইরাকের নিরাপত্তাবাহিনীর সদস্যরা আট ব্যক্তির বিস্ফোরক দিয়ে ছিন্ন-ভিন্ন করা দেহ খুঁজে পায়। এর দুইদিন আগে  সরকারের কাছে আইএস জঙ্গিদের করা একটি দাবির সময়সীমা শেষ হয়ে যায়।
 
আইএস সদস্যরা ইরাকের নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করে ও তাদের ছয়জনকে, অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখায়। জঙ্গিরা হুমকি দেয় যে, সরকার যদি আইএস-সংশ্লিষ্টতার সন্দেহে গ্রেফতারকৃত নারী সুন্নি বন্দীদের মুক্ত করে না দেয় তাহলে অপহৃত নিরাপত্তাকর্মীদের হত্যা করা হবে।
 
আইএসের দাবি, অপহৃত ব্যক্তিরা ইরাকের আধা-সামরিক বাহিনী হাশদ আল-শাবির সদস্য ছিল।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ময়না তদন্ত করে জানা গেছে যে, অপহৃত ব্যক্তিদের সময়সীমা শেষ হওয়ার আগেই হত্যা করা হয়েছে। হুমকি দেওয়া ওই ভিডিওটা ছিল আইএসের অপপ্রচার। 
 
ইত্তেফাক/ জেআর