ইসরাইল সীমান্তে সংঘর্ষে ২ ফিলিস্তিনি নিহত

আপডেট : ৩০ জুন ২০১৮, ১১:৫৭
 
গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে শুক্রবার সীমান্ত সংঘর্ষ চলাকালে ইসরাইলি সৈন্যদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক বিক্ষোভকারী। হামাস শাসিত এ ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
 
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্রা জানিয়েছে, নিজেদের ভূমি ফিরে পাওয়ার দাবিতে অন্যান্য শুক্রবারের মতো গতকালও বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। এসময় ইসরাইলি বাহিনী গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে খান ইউনুস শহরের কাছে ১৩ বছরের এক কিশোর মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং রাফার কাছে ২৪ বছরের এক তরুণ নিহত হয়।
 
তিনি আরো জানান, এ ঘটনায় আহত হয়েছে তিন শতাধিক ফিলিস্তিনি।
 
উল্লেখ্য, গত ১৫ মে থেকে ফিলিস্তিনিরা এই আন্দোলন চালিয়ে আসছে। আর ইসরাইলি সেনাবাহিনীও গুলি চালিয়ে আসছে। এতে কয়েকশ’ ফিলিস্তিনির জীবন গেছে।-রয়টার্স
 
ইত্তেফাক/মোস্তাফিজ