‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে সরকারকে উচিৎ শিক্ষা দেয়া হবে। বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সর্বশক্তি দিয়ে প্রতিটি কেন্দ্র আগলে রেখে ভোট ডাকাতদের রুখে দেবে।’
শনিবার দুপুরে নগরীর মালোপাড়াস্থ মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মহানগর বিএনপির এক প্রস্তুতিমূলক সভায় এই ঘোষণা দেন দলটির স্থানীয় শীর্ষ নেতারা।
সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। এ ছাড়া বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। প্রতিটি করপোরেশন ও পৌরসভায় ভোট ডাকাতদের চিহ্নিত করতে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। নেতাকর্মীদের সকল মনোমালিন্য ভুলো একযোগ কাজ করার জন্য আহবান জানান নেতারা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, জীবন দিয়ে হলেও আমাদের ভোট রক্ষা করবো, অথবা কারাবরণ করে রাজশাহী সিটি করপোরেশনের ভোট রক্ষা করবো। বীরের বেশে আমাদের বিজয় নিশ্চিত করবো। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ জুলাই রাসিক নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি।
শনিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠন, রাজশাহীর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, আগামী ৩০ জুলাই নির্বাচনে বিএনপির উপর সব বাঁধাকে কঠোরভাবে দমন করা হবে। ভোটের দিন সকল নেতাকর্মী নিজ নিজ সেন্টারে দাঁড়িয়ে থাকবেন। দেখি কে ভোট ডাকাতি করতে আসতে পারে।
ইত্তেফাক/ইউবি
