মধ্যপ্রাচ্যে নারীগৃহকর্মী নির্যাতন অভিবাসন খাতে সুশাসনের ঘাটতির দৃষ্টান্ত: টিআইবি

আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৯:২৫
মধ্যপ্রাচ্য থেকে শত শত নির্যাতিত নারী গৃহকর্মীর দেশে ফেরার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, এটি অভিবাসন খাতে সুশাসনের ঘাটতির বড় দৃষ্টান্ত। গত দুই মাসে ৩৮০ জন নারী দেশে ফিরেছেন। এই সংকটজনক পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে এ ধরণের অন্যায় বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহবান জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
 
রবিবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্যাতিত নারী গৃহকর্মীর দেশে ফিরে আসা একদিকে যেমন অভিবাসন খাতে সুশাসনের ঘাটতির দৃষ্টান্ত অন্যদিকে এ ব্যাপারে দায়িত্বশীলদের নিস্ক্রিয়তা হতাশাজনক। নিজেদের একটু স্বচ্ছলতার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের আশায় পরিবার-পরিজন রেখে এই হতভাগ্য নারীরা বিদেশ পাড়ি দিয়েছিলেন। তাদের অধিকার, নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। অথচ দুঃখজনক হলেও সত্য যে, এর প্রতিফলন দেখা যাচ্ছে না। এ ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করি। একইসঙ্গে ফেরত আসা এসব নির্যাতিত নারীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
 
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে গন্তব্য দেশে নারী কর্মীদের আইনী সুরক্ষা নিশ্চিত করা, নির্যাতনকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা রাখা, নির্যাতিতদের ন্যায্য ক্ষতিপূরণ, স্বাস্থ্যসেবা ও প্রাপ্য মজুরী নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে টিআইবি। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত লক্ষাধিক নারী গৃহকর্মীদের সুরক্ষা ও সহায়তার জন্য বাংলাদেশের দুতাবাসগুলোর সংবেদনশীল সক্ষমতা ও কার্যকারিতা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআই