সিদ্ধিরগঞ্জে এক গার্মেন্টস কর্মী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক আমির হোসেন আশিককে (২০) গ্রেফতার করেছে। গত রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে ধর্ষিতা নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। ধর্ষক আমির হোসেন আশিক কদমতলী নয়াপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ জানায়, গ্রেফতারকৃত আশিক এবং ধর্ষিতা মেয়েটি স্থানীয় একটি গার্মেন্টসে চাকরী করে। সেই সুবাধে তাদের উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সম্পর্কের জের ধরে প্রায় সময় তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। সে প্রেক্ষিতে রবিবার গার্মেন্টস ছুটি হওয়ার পর আশিক ওই মেয়েকে তার বাসায় নিয়ে আসে। এ সময় আশিক তার সাথে গল্প করার এক পর্যায়ে ঘরের দরোজা বন্ধ করে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ধর্ষক আশিক পালিয়ে যায়।
পরে ধর্ষণের শিকার মেয়েটি থানায় এসে অভিযোগ করলে রাতেই ধর্ষক আশিককে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-০৩) দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, সোমবার দুপুরে ওই মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এবং ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
