কুমিল্লায় সেতারা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক পলাতক। সোমবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকশিমুল ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে কাঠমিস্ত্রি জাকির হোসেন (৩৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী বাকশিমূল দক্ষিণপাড়া এলাকার সৌদি প্রবাসী আবুল বাশারের ঘরে আসবাবপত্র ফার্নিচারের কাজ করছিল। সোমবার সকাল ৯টার দিকে ঘাতক জাকির হোসেন প্রবাসীর স্ত্রী সেতারার ঘরে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় সেতারা চিৎকার শুনে তাকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি মোবাইল সেটসহ অন্যান্য আলামত উদ্ধার করে। বুুড়িচং থানার ওসি মনোজ কুমার দে বলেন, কি কারনে এ হত্যাকাণ্ড হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। ঘাতক জাকিরকে গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/নূহু
