ভারী বর্ষণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি সেতু ধসে পড়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। সেতুর ধ্বংসাবশেষের নিচে এক ব্যক্তি আটকা পড়েছে। পাশাপাশি বিঘ্নিত হয়েছে যান চলাচল। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, মুম্বইয়ের গোখেলি ‘ব্রিজের’ একটি অংশ যা আন্ধেরির পূর্ব ও পশ্চিম অংশকে যুক্ত করেছে, সেই অংশটুকু ধসে পড়েছে।
সেতুতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেতুর ধ্বংসাবশেষের নিচে এক ব্যক্তি আটকা পড়েছে জানান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক জ্যেষ্ঠ সংসদ সদস্য কিরিত সোমাইয়া।
রেল কর্মকর্তারা জানান, ওভারব্রিজটি ধসের কারণে রেল চলাচল বিঘ্নিত হচ্ছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ব্রিজ ধসের কারণে আন্ধেরি ও ভিলেপার্লের মধ্যে চলাচলের পশ্চিম সুবুরবন লোকাল ট্রেন লাইনটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। বাসস।
ইত্তেফাক/ জেআর
