প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেলেন ১৩ মাদক ব্যবসায়ী

আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১১:১৮
 
জীবনে আর কখনও মাদকের ব্যবসা করবেন না, এমনকি মাদক সংস্পর্শে আসবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে ছাড়া পেয়েছে ফুলবাড়ী সীমান্তের ১৩ মাদক ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গংগাহাট উচ্চ বিদ্যালয় মাঠে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।
 
লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নে অধিনায়ক লে.কর্নেল গোলাম মোর্শেদ জানান, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শতশত সাধারণ মানুষের উপস্থিতিতে ১৩ মাদক ব্যবসায়ী জীবনে আর কোনো দিন মাদক ব্যবসা করবে না মর্মে শপথ বাক্য পাঠ করে। শপথ বাক্য পাঠ করান শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এজাহার আলী। পরে তাদের প্রত্যেকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম ও কাশিপুর কোম্পানি কমান্ডার সহিত ইসলামের নেতৃত্বে উপজেলার ফুলবাড়ী সীমান্ত এলাকা থেকে ১৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
 
মুক্তি পাওয়া ১৩ মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), ধর্মপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে আক্কাছ আলী (৩৬), একই গ্রামের জয়নাল হকের ছেলে এরশাদুল হক (৩৩), আজিমের ছেলে শহিদুল ইসলাম (৩২) ঘুঘুর হাট গ্রামের জমসের আলীর ছেলে জিল্লু রহমান (৩৭) ও নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত ইসলামের ছেলে মল্লিক হোসেন (৫০) এবং উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বানিয়াটারী গ্রামের নুরজামালের ছেলে আলামিন (৩০), গজেরকুটি গ্রামের মৃত বরকত আলীর ছেলে আবদার আলী (৪০), খলিশাকোটাল গ্রামের মেহের আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩০), পশ্চিমফুলমতি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৮), গোরকমন্ডপ গ্রামের নাজমুল ইসলামের ছেলে রাজু আহেম্মদ (২৭) ও শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের রাজ মিয়ার ছেলে মানিক মিয়া (১৮), একই গ্রামের আশরাফ আলীর ছেলে সুরুত আলী (৩০)।
 
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মোর্শেদ জানান, আটক ১৩ মাদক ব্যবসায়ীকে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসার জন্য সুযোগ দেওয়া হলো। আমার মনে হয় তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে। তারা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আর যদি কোন মাদক ব্যবসায়ী অন্ধকার জীবন থেকে আলোর পথে ফিরে আসতে চায় তাহলে বিজিবি সব ধরনের সহযোগিতা করবে।
 
পরে ওই স্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাশিপুর ইউনিয়নের গোল্ডেন ফিউচার একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের  সঞ্চলনা ও শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার নুর-ই- আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম মোর্শেদ, ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন, এজাহার আলী, মুসাব্বের আলী মুসা, আলতাফ হোসেন, মনিরুজামান মানিক, কাশিপুর কোম্পানি কমান্ডার সহিত ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/মোস্তাফিজ