যুক্তরাজ্যে ‘নার্ভ এজেন্টের’ শিকার এক দম্পতি

আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১০:৩০
যুক্তরাজ্যের উইল্টশায়ারে নার্ভ এজেন্টের শিকার হয়েছেন এক দম্পতি। তারা বিষাক্ত নার্ভ এজেন্ট নভিচক-এর সংস্পর্শে এসেছিলেন। একই নার্ভ এজেন্ট দিয়ে ৪ মার্চ সলসবেরিতে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর হামলা চালানো হয়েছিল। তবে উইল্টশায়ারের দম্পতির ওপর হামলা চালানোর কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি’র।
 
খবরে বলা হয়, শনিবার উইল্টশায়ারের এক বাড়িতে এক দম্পতিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ওই দম্পতি হচ্ছেন চার্লি রওলি ও ডন স্টার্জেস। তারা ‘নভিচক’ নার্ভ এজেন্ট দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের অবস্থা গুরুত্বর। পুলিশ জানিয়েছে, আর কোন ব্যক্তি এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসেনি। 
 
উইল্টশায়ারের মেট্রোপলিটান পুলিশ বাহিনীর সহকারী কমিশনার নেই বসু বলেন, স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর যে নার্ভ এজেন্ট দিয়ে হামলা চালানো হয়েছিল, এইবারের নার্ভ এজেন্টটিও সেই একই গুচ্ছ থেকে এসেছে কি না, সে বিষয় নিশ্চিত করা যায়নি।  এ বিষয়ে তদন্ত করা হবে। 
 
বসু বলেন, এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে কোন নার্ভ এজেন্ট মিশ্রিত কোন বস্তু পাওয়া যায়নি। কর্মীরা, বোঝার চেষ্টা করছেন, কিভাবে উইল্টশায়ারের ওই দম্পতি নার্ভ এজেন্টের সংস্পর্শে এসেছিলেন! 
IMG0
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ বিরোধী পুলিশ নেটওয়ার্ক এ ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছে। তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে উইল্টশায়ার পুলিশ বাহিনী। 
 
ইংল্যান্ডের প্রধান চিকিৎসা বিষয়ক কর্মী স্যালি ডেভিস বলেন, আমি জনগণকে এটা নিশ্চিত করতে চাই যে, এই মুহূর্তে সাধারণ জনতার এই রাসায়নিক পদার্থে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। তিনি সকলকে তাদের কাপড় ও সকল প্রকারের ব্যক্তিগত জিনিসপত্র ধুয়ে রাখার পরামর্শ দিয়েছেন। 
 
উইল্টশায়ারের ঘটনার সঙ্গে স্ক্রিপাল পরিবারের ওপর হামলার কোন যোগসূত্র আছে কি না, সে বিষয়ে এখনো কোন প্রমাণ পাওয়া যায়নি।
 
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, আক্রান্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন ও সলসবেরি জেলা হাসপাতালের জরুরী সেবা ও কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
প্রসঙ্গত, ৪ মার্চ ব্রিটেনের সলসবেরিতে একটি শপিং মলের সামনে শিশুদের খেলার জায়গায় বেঞ্চ অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল দু’জনকে। উভয় ঘটনায় ‘নভিচক’ নামক নার্ভ এজেন্টের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এই বিষাক্ত নার্ভ এজেন্টটির উৎপত্তিস্থল রাশিয়ায়।
 
ইত্তেফাক/ জেআর