আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশজুড়ে এখন চলছে জোরালো প্রচারণা। বিভিন্ন প্রার্থীর নানা মন্তব্য জন্ম দিচ্ছে সমালোচনা ও বিতর্কের। এর মধ্যে সবাইকে হতবাক করে দেওয়া এক মন্তব্য করে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলের এক প্রার্থী। তিনি বলেছেন, নারী প্রার্থীদের ভোট দেওয়া হারাম। খবর পিটিআই’র।
খবরে বলা হয়, আদালতের রায়ে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ। কিন্তু তার মেয়ে মরিয়ম শরিফ ঠিকই নির্বাচনে লড়ছেন। এমন পরিস্থিতিতে অবাক করা মন্তব্য করে বসলেন তাদের দলেরই এক নেতা।
পাঞ্জাব প্রদেশের সাবেক মন্ত্রী ও আসন্ন জাতীয় নির্বাচনের জন্য পিএমএল-এন প্রার্থী হারুন সুলতান মন্তব্য করেছেন, নারী প্রার্থীদের ভোট দেওয়া হারাম।
সম্প্রতি, তার নির্বাচনী এলাকা মুজাফফরনগরে এক সমাবেশে সুলতান বলেন, তিনি ধর্মের দিকনির্দেশনা মেনে চলবেন ও সকল নারী প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। তার দাবি, এমনটা করা (ইসলামে) হারাম।
উল্লেখ্য, সুলতান পূর্বে পিএমএল-এন সরকারের হয়ে পাঞ্জাব প্রদেশের সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আসন্ন নির্বাচনে তিনি এনএ-১৮৪ নির্বাচনী আসন থেকে পিএমএল-এন প্রার্থী হিসেবে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রার্থী জেহরা বাসিত সুলতান বুখারির বিরুদ্ধে লড়ছেন। জেহরা তার স্ত্রীর বোন।
ইত্তেফাক/ জেআর
