রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আলীম মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহীর সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউপি জামায়াতের আমির আনারুল ইসলাম (৫০), মাটিকাটা ইউপি জামায়াতের সাংগঠনিক সম্পাদক আয়নাল হক (৫৫), রিশিকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের আমীর আসলাম উদ্দিন, পাকড়ি ইউনিয়ন জামায়াতের কর্মী নোমান আলী (৪৫) ও গোদাগাড়ী পৌর শিবির কর্মী সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, গত বুধবার সাড়ে ৬টার দিকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সুলতানগঞ্জ মাদ্রাসা মাঠে নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে আরও অনেক জামায়াত-শিবির কর্মী পালিয়ে গেছে।
রাজশাহীর সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল লুৎফর রহমান বলেন, আটকের পর রাতভর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সকালে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। দুপুরের মধ্যেই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলেও তিনি জানান।
ইত্তেফাক/এমআই
