‘মিয়ানমারের লজ্জা থাকা উচিত’

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ০৯:৩৭
 
জাতিসংঘ মানবাধিকার প্রধান জেইদ রা’দ আল হুসেন বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ সারা বিশ্বকে দেখাতে চাইছে যে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া সকল রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি। অথচ তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি। আমরা বোকা নই। মিয়ানমারের সামান্যতম লজ্জা থাকা উচিত। বুধবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
 
বাংলাদেশে অবস্থানরত সাত লাখের বেশি রোহিঙ্গার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের সদস্য রাষ্ট্রগুলোর উচিত রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানো। তিনি রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো অপরাধের বিষয়ে আইসিসি’র তদন্তের আহবান জানান।
 
মিয়ানমারের রোহিঙ্গা নিধনযজ্ঞের তীব্র সমালোচনা করে তিনি বলেন, চার বছরের দায়িত্ব পালনকালে তার দেখা নিপীড়নের মধ্যে রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার অপরাধ স্বতন্ত্র বৈশিষ্ট্যসম্পন্ন। হাই কমিশনার হিসেবে মানবাধিকার কাউন্সিলে দেওয়া শেষ বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘের কোনও সদস্য রাষ্ট্র যদি তিন সপ্তাহের সহিংসতায় ৭ লাখ মানুষকে তাড়িয়ে দিতে সক্ষম হয় এবং তাতে কোনও আন্তর্জাতিক চাপ না আসে, তবে এই রুমে থাকা বাকিরাও এমনটা করতে পারে।
 
তিনি রাখাইনে মানবাধিকার কাউন্সিলের কর্মকর্তাদের রাখাইনে প্রবেশাধিকার দেওয়ার আহবান জানান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ