গুহায় আটকা কিশোরদের অক্সিজেন দিতে গিয়ে প্রাণ গেল ডুবুরির

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৩:৫৮
থাইল্যান্ডের বন্যায় প্লাবিত থান লুয়াং গুহায় আটকে পড়া ফুটবল দল ও তাদের কোচের কাছে অক্সিজেন পৌঁছে ফেরার পথে প্রাণ হারিয়েছেন এক উদ্ধারকারী। তিনি থাইল্যান্ডের নৌবাহিনীর সাবেক ডুবুরি ছিলেন। তার নাম সামান গুনান। খবর বিবিসি’র।
 
খবরে বলা হয়, ৩৮ বছর বয়সী গুনান গুহার ভেতরে আটকা পড়া দলের কাছে অক্সিজেন পৌঁছানোর পর ভূমিতে ফেরত আসার পথে চেতনা হারিয়ে ফেললে তার মৃত্যু ঘটে। তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 
 
এক কর্মকর্তা জানান, তার কাজ ছিল অক্সিজেন সরবরাহ করা। কিন্তু ফেরত আসার পথে তার নিজের কাছেই যথেষ্ট পরিমাণ অক্সিজেন ছিল না।
 
তিনি নৌবাহিনী থেকে অবসর নিয়েছেন। কিন্তু গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলকে উদ্ধার করার কাজে যোগ দেন। 
 
চিয়াং রাই’য়ের ডেপুটি গভর্নর পাসাকর্ন বুনিয়ালাক সাংবাদিকদের বলেন, নৌবাহিনীর ‘সিল টিমের’ সাবেক এক সদস্য স্বেচ্ছাকৃতভাবে গুহায় আটকে পড়া দলকে উদ্ধারের কাজে যোগ দিয়েছিলেন। তিনি গত রাত ২.০০টার দিকে মারা গেছেন। 
 
গুহায় আটকে পড়া দলটিকে উদ্ধারের জন্য প্রায় এক হাজার মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছেন ডুবুরি, সামরিক কর্মচারী ও বেসামরিক স্বেচ্ছাসেবি। 
 
ইত্তেফাক/ জেআর