নির্বাচনে লড়ার অনুমতি পেয়েছেন সাবেক পাক-প্রধানমন্ত্রী আব্বাসি

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১১:২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিকে নির্বাচনে লড়ার অনুমতি দিয়েছে দেশটির একটি হাই কোর্ট। আগামী ২৫ তারিখ অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে রাওয়ালপিন্ডি থেকে লড়বেন এই নেতা। খবর দ্য হিন্দুর।
 
খবরে বলা হয়, কয়েকদিন আগে আজীবনের জন্য অযোগ্য ঘোষিত হয়েছিলেন আব্বাসি। ২৭ জুন পাঞ্জাবের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তাকে আজীবনের জন্য নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে ঘোষিত করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি নিজের সম্পত্তির সম্পূর্ণ হিসাব প্রকাশ করেননি।
 
আব্বাসি পরবর্তীতে লাহোরের হাই কোর্টে  ট্রাইব্যুনালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেন। হাই কোর্টের বিচারপতি মাজাহির আলি আকবর নাকভির নেতৃত্বে গঠিত দুই সদস্যের একটি বেঞ্চ এই বিষয়ে শুনানির পর, আব্বাসিকে যোগ্য বলে ঘোষণা দেয়। আব্বাসি এখন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) হয়ে এনএ-৫৭ নির্বাচনী আসন থেকে নির্বাচনে লড়তে পারবেন।
 
এক বিচারপতি নিয়ে গঠিত নির্বাচনী ট্রাইব্যুনাল এর আগে জানায় যে, আব্বাসি তার সম্পত্তির সম্পূর্ণ হিসাব প্রকাশ করেননি এবং সংবিধানের প্রতি বিশ্বস্ত ও সৎ থাকেননি। ফলস্বরূপ তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। 
 
রাওয়ালপিন্ডি ছাড়াও রাজধানী ইসলামাবাদের একটি আসন থেকেও লড়বেন তিনি। 
 
২৫ জুলাইয়ের নির্বাচনে দেশজুড়ে বিভিন্ন দলের ১১ হাজার ৮৫৫জন প্রার্থী অংশ নিচ্ছেন। তারা ৮৪৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
 
ইত্তেফাক/ জেআর