সমাবেশের অনুমতি না পাওয়ায় রবিবার রাজধানীর প্রতি থানায় বিক্ষোভ করবে বিএনপি। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই বিক্ষোভের ঘোষণা নেয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি চেয়েছিল দলটি। কিন্তু সমাবেশের অনুমতি না পাওয়ায় রাজধানীর প্রতি থানায় থানায় বিক্ষোভের ঘোষণা দেয় রিজভী। একই দাবিতে আগামী সোমবার ঢাকাসহ সারাদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে দলটি।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জাল ভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়, প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যেও সে রকম ইঙ্গিতই পাওয়া গেছে। কিন্তু পাতানো নির্বাচনের ষড়যন্ত্র কোন কাজে আসবে না।
রিজভী আহমেদ আরো বলেন, আইন, আদালত, প্রশাসন, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা হাতের মুঠোয় নিয়ে সন্ত্রাসী কায়দায় খুলনা ও গাজীপুরে ভোট ডাকাতির নির্বাচন করে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি মনে করছেন- খুলনা মডেলে জাতীয় নির্বাচন করে তিনি এভাবেই পার পেয়ে যাবেন। ক্ষমতাকে ধরে রাখতে পারবেন। শেখ হাসিনার সকল ষড়যন্ত্রে ফাটল ধরতে শুরু করেছে। নীলনকশার নির্বাচনের ছক জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আবারও একটি একতরফা ভোট ডাকাতির নির্বাচন এদেশের মানুষ হতে দিবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা যাবে না। চারদিকে শেখ হাসিনার সরকারবিরোধী আওয়াজ শুরু হয়েছে। বর্তমান সরকারের বিদায় এখন অত্যাসন্ন।
এদিকে একটি দৈনিকে ‘তারেকের টেবিলে বিএনপির ৩০০ আসনের প্রার্থী তালিকা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নিয়ে বিস্ময় প্রকাশ করেন রিজভী।
রিজভী বলেন, প্রতিবেদনটি শুধু হাস্যকরই নয়, এটি সরকারের মিথ্যা প্রপাগান্ডার এক উদ্বেগজনক সংযোজন। তারেকের টেবিলে ৩০০ প্রার্থীর নামের তালিকায় এতো মৃত ব্যক্তিদের নাম এলো কিভাবে? বিএনপির মৃত কয়েকজন সাবেক সংসদ সদস্যের নামও আগামী জাতীয় নির্বাচনের জন্য মনোনীত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন সদ্য প্রয়াত জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মরহুম খোরশেদ আলম, চাঁদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর হায়দার খান, রাজশাহী-৬ আসনের মরহুম আজিজুর রহমান প্রমুখ।
রিজভী বলেন, আমরা নিশ্চিত যে, সারা দেশের মানুষ যখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সোচ্চার, তখন জনদৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আওয়ামী সরকারের নির্দেশে দুরভিসন্ধিমূলকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
