খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই ষড়যন্ত্রে লিপ্ত : হাছান মাহমুদ

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৬:০০
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিএনপিই ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা (বিএনপি) মনে করে খালেদা জিয়া জেলে থাকলে তাদের ভোট বাড়ে।
 
শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটির রাউন্ড টেবিলে 'জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও বিএনপির মিথ্যাচার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
'বেগম জিয়ার জামিন নিয়ে সরকার এবং আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত' সাম্প্রতিক বিএনপি নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে হাছান মাহমুদ সভায় বলেন, বেগম জিয়ার জামিন নিয়ে সরকার কিংবা আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত নাই। বিএনপিই বেগম খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা (বিএনপি) মনে করে খালেদা জিয়া জেলে থাকলে আর তিনি (খালেদা জিয়া) জেলে থাকা অবস্থায় বিএনপি নির্বাচনে গেলে তাদের লাভ হবে। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বিএনপি, বিএনপির নেতৃত্ব এবং তাদের আইনজীবী প্যানেল।
 
কোটা অান্দোলনকারীদের পক্ষ নিয়ে গত পরশু প্রেসক্লাবের সামনে উদ্বিগ্ন অভিভাবক এবং শিক্ষকদের সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন করেন, এই উদ্বিগ্ন অভিভাবকরা দেশে যখন পেট্রোল বোমা মারা হচ্ছিল তখন উদ্বিগ্ন হননি কেনো? তখন আপনাদের দেখা যায় নাই কেনো? যখন জীবন্ত মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যা করা হলো তখন আপনারা উদ্বিগ্ন শিক্ষক এবং অভিভাবকরা কোথায় ছিলেন? আসলে আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করতে চাচ্ছেন এবং নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই এখন বিএনপি এবং ১/১১ কুশিলবরা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে।
 
বিএনপি এবং ১/১১ কুশিলবদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোন প্রকার ষড়যন্ত্র করে লাভ হবে না। উদ্বিগ্ন অভিভাবক ব্যানার কিংবা অন্য কোন ব্যানারে আপনাদের পরিচয় গোপন করার কোন সুযোগ নাই। আমরা জানি আপনারা হচ্ছেন ষড়যন্ত্রকারী আর আপনারা আপনাদের পরিচয় গোপন রেখে বিএনপিকে ষড়যন্ত্রে সহায়তা করার পথ বেছে নিয়েছেন। সুতরাং এই পথ বেছে নিয়ে কোন লাভ হবে না।
 
আয়োজক সংগঠনের উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে অালম মোরাদ, আওয়ামী লীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক অাকতার হোসেন, অরুন সরকার রানাসহ প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু