কোটা সংস্কারের নামে গন্ডগোল সৃষ্টি করছে বিএনপি-জামায়াত: আনিসুল হক

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৬:০৫
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি-জামায়াত রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ রাখার জন্য কোটা আন্দোলনের নামে গন্ডগোল সৃষ্টি করছে।
 
শুক্রবার বেলা সাড়ে ১১টায় আখাউড়া মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যখন বলেছেন, কোটা পদ্ধতির সংস্কার করা হবেই। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথার গড় খেলাপ করেন না। কোটা সংস্কার করার একটি পদ্ধতি আছে। সেই পদ্ধতি শেষ করার পরই সংস্কার করা যাবে, তাই তাদের ধৈর্য রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা চাই দেশের প্রত্যেকটি শিক্ষার্থী মেধাবী হয়ে গড়ে উঠবে।
 
মনিয়ন্দ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আইনমন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি