কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচে স্বাগতিক রাশিয়া ও ক্রোয়েশিয়া পরস্পরের বিপক্ষে লড়ছে। বাংলাদেশ সময় শনিবার রাত ১২টায় শুরু হওয়া ম্যাচে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।
খেলার ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে রাশিয়াকে এগিয়ে নেন ডেনিশ চেরিশভ। ৮ মিনিটের ব্যবধানে গোল করে ম্যাচে সমতা ফেরান ক্রোয়েশিয়ার আন্দ্রেজ ক্রামারিক। বাঁদিক থেকে হাওয়ায় ভেসে আসা বলে মাথা ছূঁয়ে তা পাঠিয়ে দেন রাশিয়ার জালে। এই ১-১ গোলের সমতায়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
কোয়ার্টার ফাইনাল পর্বে শনিবার অপর ম্যাচে সুইডেনকে হারিয়েছে ইংল্যান্ড। রাশিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যকার এই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালে তারাই মুখোমুখি হবে ইংল্যান্ডের।
এর আগে শুক্রবার কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। যার একটিতে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হারে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। অপরটিতে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায় বেলজিয়াম। এর মাধ্যমে বিশ্বকাপে ল্যাটিন প্রতিনিধিত্বও শেষ হয়। তাই সেমিফাইনাল পর্ব হতে যাচ্ছে অল ইউরোপ।
ইত্তেফাক/কেআই
