দেশটির ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিদেশিদের আকৃষ্ট করতে ভিসা প্রক্রিয়া আরো সহজ করছে ভারত। ইতোমধ্যে বিদেশিদের কাছে ভারতের ই-ভিসা জনপ্রিয়তা পেয়েছে। এ কারণেই ভারত সরকার এ ধরনের ভিসার আওতা বাড়াতে চায়। পর্যটন, ব্যবসা ও স্বাস্থ্য সেবার জন্য যারা ভারত সফর করেন তাদেরকেও এখন নতুন এই ধরনের ভিসার আওতায় আনার কথা ভাবা হচ্ছে। গত শুক্রবার কেরালার কোচিতে পার্লামেন্টারি কনসাল্টেটিভ কমিটির এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, ই-ভিসার ক্ষেত্রে ভিসা আবেদনের পুরো প্রক্রিয়ায় আবেদনকারীকে দূতাবাসের কোনো কর্মকর্তার মুখোমুখি হতে হয় না। ৯০ শতাংশ ক্ষেত্রেই আবেদনের ৭২ ঘণ্টার মধ্যেই ভিসা অনুমোদনের কাজ সম্পন্ন হয়। তবে ই-ভিসায় ভ্রমণকারীকে সংশ্লিষ্ট অভিবাসন চেক পোস্টে বাড়তি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যেতে হয়।
২০১৫ সালে ৫ লাখ ১৭ হাজার ৪১৭ জনকে ই-ভিসা ইস্যু করে ভারত সরকার। মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে ই-ভিসার সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ লাখে। আর চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত ভারত সরকার ১১ লাখ ১৬ হাজার ৯৮৫ জনকে ই-ভিসা দিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে সংখ্যার দিক থেকে ই-ভিসা নিয়মিত ভিসাকে ছাড়িয়ে যাবে বলে মনে করেন রাজনাথ সিং।
ইত্তেফাক/মোস্তাফিজ
