থাই গুহায় উদ্ধার অভিযান শুরু, মুষলধারে বৃষ্টি ঝরছে

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৫:৫৪
আবহাওয়ার পূর্বাভাসকে সত্য প্রমাণ করে আবারো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের লুয়াং নং নন গুহা এলাকায়। যেখানে দুই সপ্তাহ ধরে আটকে আছে ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। নানা পরীক্ষা নিরীক্ষা শেষে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয় আজ রবিবার সকাল ১০টায়। বিপদসংকুল এই উদ্ধার অভিযানে অংশ নিয়ে ১৮ ডুবুরি গুহায় প্রবেশ করে। এদিকে সেই বিপদকে আরো ঘনিয়ে তুলতে যেন মুষুল ধারে সেখানে বৃষ্টি শুরু হয়।
 
জানা যায়, ১৮ ডুবুরির ১৩ জন বিদেশী ও ৫ জন থাই নেভি সিলের ডুবুরি। গুহায় আটকে পড়া ফুটবল দলের প্রথম দলটিকে বের করে আনতে প্রায় ১১ ঘণ্টা সময় লাগবে। স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রথম দলটিকে বের করে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। 
IMG0
থাইল্যান্ডের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে থাকলে উদ্ধার অভিযান শেষ হতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।
 
এদিকে উদ্ধার কার্যক্রমের সফলতা কামনা করে দেশজুরে প্রার্থনা করা হচ্ছে। গুহা মুখে পর্যাপ্ত অক্সিজেন, অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হয়েছে।
IMG1
প্রসঙ্গত, ২৩ জুন বেড়াতে গিয়ে উত্তরাঞ্চলীয় চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় আটকা পড়ে কিশোর ফুটবলাররা। তাদের বয়স ১১ থেকে ১৬ বছরের মধ্যে। ১০ কিলোমিটার দীর্ঘ গুহাটি থাইল্যান্ডের অন্যতম দীর্ঘ গুহা। এখানে যাত্রাপথের দিক খুঁজে পাওয়া কঠিন। ভারী বর্ষণ আর কাদায় থাম লুয়াংয়ের প্রবেশ মুখ বন্ধ হয়ে গেলে তারা আটকা পড়ে। নিখোঁজের পর গুহার পাশে তাদের সাইকেল এবং খেলার সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।
 
নিখোঁজের নয় দিন পর সোমবার (২ জুলাই) দুইজন বৃটিশ ডুবুরি চিয়াং রাই এলাকার থাম লুয়াং নং নন গুহায় তাদের জীবিত সন্ধান পান। পরে থাইল্যান্ডে নৌ বাহিনী গুহায় আটকা পড়া কিশোরদের ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ডুবুরিরা তাদের টর্চলাইটের আলো ফেলে ১৩ জনকেই দেখতে পায়। সে সময় তারা খুব ক্ষুধার্ত ছিলো।-বিবিসি।
 
ইত্তেফাক/রেজা