নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৬:২৫
নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
রবিবার  দুপুরে নেত্রকোনার  জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সাইফুল নেত্রকোনা সদর উপজেলার  বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। 
 
নেত্রকোনা জেলা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) সাইফুল আলম প্রদীপ জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নয়ন মিয়ার পুকুরপাড়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুমা আক্তারকে কুপিয়ে হত্যা করে তার স্বামী সাইফুল ইসলাম। হত্যাকাণ্ড ঘটিয়ে সাইফুল নিজেই নেত্রকোনা মডেল থানায় এসে পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করেন। পরবর্তীতে পুলিশ গিয়ে রুমার লাশ উদ্ধার করে। 
 
পরদিন ২৯ আগস্ট নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে সাইফুলকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছর ১৫ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
 
ইত্তেফাক/ইউবি