কুষ্টিয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের সাবলু মণ্ডল (৪৫) ও রানাখড়িয়া গ্রামের রমজান আলী (৬৫)।
শনিবার সকালে শহরতলীর বারখাদা-ত্রিমোহিনী ও মিরপুর উপজেলার রানাখড়িয়ায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল পৌনে সাতটার দিকে বাইপাস সড়কের বারখাদা-ত্রিমোহিনী এলাকায় দ্রত গতিসম্পন্ন একটি ট্রাক যাত্রীবাহী অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে অটোচালক সাবলু ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় অটোরিক্সার যাত্রী সাব্দার ও আসহাব আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে পুলিশ ঘাতক ট্রাক দুটিকে আটক করতে পারেনি।
অপর দুর্ঘটনাটি ঘটে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া এলাকায়। দ্রুত গতিসম্পন্ন মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী রমজান আলী ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি রানাখড়িয়া গ্রামে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএম
