বন্দিবিনিময় চুক্তির অধীনে দেশে ফেরত আনা বাদল ফরাজীর মুক্তি চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি ও আইজি প্রিজনকে বিবাদী করা হয়েছে।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
শুক্রবার বিকালে ভারত থেকে বাদল ফরাজীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সেখানে একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ১০ বছর ধরে কারাভোগ করছিলেন। দেশে ফেরার পর তাকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নিয়ে আটক রাখা হয়। এ নিয়ে পরদিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, নাম বিভ্রাটের কারণে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন বাদল ফরাজী।
পত্রিকার প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব। আদালত লিখিত আকারে তা দাখিলের পরামর্শ দেয়। এরপরই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করা হয়।
ইত্তেফাক/ইউবি
