উদ্ধার করা কিশোরদের চলবে দীর্ঘমেয়াদী চিকিৎসা

আপডেট : ০৯ জুলাই ২০১৮, ২০:০৮
থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার করা কিশোরদের নিবিড় ও দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবা দেওয়ার কথা বলেছে থাইল্যান্ডের চিকিৎসা মন্ত্রণালয়।
 
উল্লেখ্য, কোচ বাদে প্রত্যেকের বয়স ১১ থেকে ১৬ বছর। গত রবিবার চারজনসহ, আজ চারজনকে উদ্ধার করা হয়েছে, বাকি রয়েছে কোচসহ ৫জন।
 
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, উদ্ধারকৃত ছেলেদের প্রথমে অক্সিজেন ঘাটতির চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার থাই কর্মকর্তারা জানিয়েছিল, গুহার ভিতরে অক্সিজেনের মাত্রা মাত্র ১৫ শতাংশ। যা অনেক বিপদজনক।
 
টেনেসি ইউনিভার্সিটি অফ মেডিসিনের চিকিৎসক ড. দারিয়া লং গিলেসপি আন্তর্জাতিক সংবাদ সংস্থা 'সিএনএন'কে বলেন, আমাদের এখন প্রধান উদ্বেগ অক্সিজেন নিয়ে। বাকিরা দ্রুত বেরিয়ে এলে খুব ভাল। তাদের বের হয়ে আসামাত্র আমাদের প্রথম কাজ হচ্ছে তাদের অক্সিজেন ও শ্বাস প্রশ্বাসের মাত্রা পরীক্ষা করে দেখা।
 
এছাড়া অপুষ্টি, পানিশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করা হবে। 
 
উদ্ধারকৃত ছেলেদের স্থানীয় একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গুহায় আটকে পড়া কিশোরদের এক পরিবার সিএনএনকে জানায়, এখন পর্যন্ত আমরা জানি না কাদের উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত ছেলেদের সঙ্গে আমাদের এখন পর্যন্ত দেখা করতে দেওয়া হয়নি।
 
থাইল্যান্ডের স্বাস্থ্য সচিব ড. যেসাদা বলেন, উদ্ধারকৃত ছেলেদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই উদ্ধারকৃত ছেলেদের সঙ্গে তাদের পরিবারে দেখা করতে দেওয়া হয়নি। চিকিৎসা শেষে তাদের পরিবারের সামনে উপস্থিত করা হবে।
 
ইত্তেফাক/এসআর/নূহু