গফরগাঁও উপজেলার কিশোরী গৃহবধূ সাথী আক্তারকে (১৪) যৌতুকের দাবিতে হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেফতার এবং বিচারের দাবিতে থানা ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গফরগাঁও প্রেসক্লাবের সামনে কলেজ রোডে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চরআলগী ইউনিয়নের শত শত লোক।পরে উপস্থিত জনতা সাথী আক্তারের খুনিদের গ্রেফতারের দাবিতে গফরগাঁও থানা ঘেরাও করে। এ সময় তারা খুনিদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাকির হোসেন আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়। সকালে চরআলগী ইউনিয়নবাসীরা গফরগাঁও পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করেন।
এ ব্যাপারে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনার পর এ মামলার এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সিরিয়ায় আইএস’র হামলা, নিহত ২৭
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলার চরমছলন্দ গ্রামে সাথী আক্তার নামে ১৪ বছর বয়সী এক কিশোরী গৃহবধূকে এক লাখ টাকা যৌতুকের দাবীতে গলাটিপে হত্যা করে তার স্বামীর বাড়ির লোকজন।
ইত্তেফাক/অনি

