গুহায় আটকে থাকা পাঁচজনকে একসঙ্গে বের করা হবে

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৩:১৮
থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় আটকে থাকা পাঁচজনকে এক সঙ্গে বের করে আনা হবে। আজ মঙ্গলবার তাদের উদ্ধারের জন্য গুহায় ঢুকেছে উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানের প্রধান নারংসাক অসোট্টানাকর্ন একথা জানিয়েছেন। খবর আল জাজিরার।
 
খবরে বলা হয়, আজ মঙ্গলবার স্থানীয় সময় ১০.০৮-এ গুহায় আটকে থাকা অবশিষ্ট পাঁচজনকে উদ্ধার করতে তৃতীয় দফায় অভিযানে নেমেছেন ১৯ উদ্ধারকর্মীর একটি দল। এর আগে গত দুইদিনে দু’টি অভিযানে ৮ জনকে উদ্ধার করা হয়েছে।
 
উদ্ধার অভিযানের প্রধান নারংসাক আজকের অভিযানটি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি জানান, তৃতীয় উদ্ধার অভিযানটি সকাল ১০.০৮ থেকে শুরু হয়েছে। 
 
তিনি আরো বলনে, উদ্ধারকারীরা চেষ্টা করছেন অবশিষ্ট চার বালক ও তাদের কোঁচকে একসঙ্গে নিয়ে বের হতে। নারংসাক বলেন, আজ একই সময়ে পাঁচজনকে বের করা হবে।
 
একজন চিকিৎসক ও থাই নৌবাহিনীর সিল টিমের বেশ কয়েকজন সদস্য আটকে পড়া ফুটবল টিমের সঙ্গে গুহায় অবস্থান করছেন। তারাও আজ বেরিয়ে আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 
 
নৌবাহিনীর সিল টিমের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, আজকের অভিযানটি গতকালের অভিযানের চেয়ে দীর্ঘ হবে। 
 
ইত্তেফাক/ জেআর