অঘোষিত সফরে আফগানিস্তানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৩:৩৭
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার এক আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন। সেখানে তিনি তালেবানদের প্রতি প্রেসিডেন্ট আশরাফ গনির শান্তি আলোচনার প্রস্তাবকে সমর্থন করেন এবং এই আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। খবর সাউথ এশিয়ান মনিটর।
 
খবরে বলা হয়, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর শেষে কাবুল যান পম্পেও। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আফগানিস্তানে এটাই তার প্রথম সফর।
 
কাবুলে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সাক্ষাৎ করেন পম্পেও। এছাড়া, আফগানিস্তান ছাড়ার আগে দেশটিতে মোতায়েনরত মার্কিন সেনাদের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।
 
কাবুলের প্রেসিডেন্ট কার্যালয়ে গনির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে পম্পেও বলেন, গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধক্ষেত্রে তালেবানদের ওপর চাপ বাড়ানো এবং তাদেরকে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য যে অতিরিক্ত সেনা পাঠিয়েছেন তা তালেবানদের প্রতি একটি বার্তা। বার্তাটি হচ্ছে, তারা আমাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে পারবে না।
 
সংবাদ সম্মেলনে গনি বলেন, সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। আমরা যদি মনে করি ৪০ বছরের সমস্যা একদিনে সমাধান হবে তাহলে তা বাস্তবসম্মত হবে না।
 
চলতি বছরের শুরুর দিতে তালেবানদের প্রতি নি:শর্ত শান্তি আলোচনার প্রস্তাব দেন গনি।
 
ইত্তেফাক/ জেআর