পঞ্চগড়ের বোদায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:০৯
পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে পুকুরে পড়ে নাজমা নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের সিংপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নাজমা একই ইউনিয়নের বীরপাড়া গ্রামের নাজমুল হকের কন্যা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজমা তার মায়ের সঙ্গে সাকোয়া ইউনিয়নের সিংপাড়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। সেখানে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি তাকে। অবশেষে বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
 
স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. জাকিয়া খাতুন হাসপাতালে নিয়ে আসার আগেই নাজমার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।
 
ইত্তেফাক/নূহু