জেলার কালিহাতীতে তিন আওয়ামী লীগ ও শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সাতুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলার প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলা বাসস্ট্যান্ডে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধরা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
আহতরা হলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও পৌরসভা শ্রমিক লীগ নেতা রাইসুল ইসলাম রাসেল।
জানা যায়, সম্প্রতি কালিহাতী উপজেলার সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো ঘর নিলাম পায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিন, রাশেদ ও রাসেলসহ অন্যরা। পরে তারা মঙ্গলবার সকালে সেই ঘরটি ভাঙতে গেলে তাদের বাধা দেয় অপর একটি পক্ষ। তখন তাদের মধ্যে হাতাহাতি হয়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও পৌরসভা শ্রমিক লীগ নেতা রাইসুল ইসলাম রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘর নিলামকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে।
ইত্তেফাক/নূহু
