বাগেরহাটে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:২৯
বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুরকে (৩২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার ভোরে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে ছাত্রনেতা ইশতিয়াককে সাইনবোর্ড-কচুয়া সড়কের রাঢ়িপাড়া কাটা বটতলা এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা এই হামলা চালায়। 
 
মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হামলার ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
 
এদিকে ছাত্রলীগ নেতা ইশতিয়াক হোসেন বাহাদুরের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে মঙ্গলবার সকাল থেকে কচুয়া বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান এবং অভ্যন্তরীণ সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুশিয়ারি দিয়েছে।
 
সকালে কচুয়া উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকশত নেতাকর্মী জড়ো হয়ে বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ছাত্রনেতার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারা কচুয়ার জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রনেতা ইশতিয়াক কচুয়া উপজেলা সদরের প্রয়াত বাশারত হাজরার ছেলে।
 
কচুয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিহিদার আলী জানান, হামলার পর স্থানীয় লোকজন এসে ইশতিয়াককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশংকাজনক।
 
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক হোসেন বাহাদুরকে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছে। তার দুই হাত, দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারনে দুর্বৃত্তরা ইশতিয়াকের ওপর হামলা করা হয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।
 
কচুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান ঝুমুর এই প্রতিবেদককে বলেন, ছাত্রলীগ নেতা ইশতিয়াকের ওপর হামলার খবর স্থানীয় নেতাদের মাঝে ছড়িয়ে পড়লে তারা কচুয়ায় জড়ো হয়ে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান এবং অভ্যন্তরীণ সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছে। হামলার প্রতিবাদে কচুয়ায় সমাবেশ চলছে। ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
 
ইত্তেফাক/নূহু