কুমিল্লা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র শিহাব উদ্দিন অন্তু খুন হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর ধর্মসাগর পাড় এলাকায় এ খুনের ঘটনা ঘটে।
তাকে উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া। নিহত ওই কলেজ ছাত্র জেলার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের হুমায়ুন কবিরের পুত্র। নগরীর রেইসকোর্স এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে সে থাকতো।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এ হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান শিহাবের স্বজন ও সহপাঠীরা। এ সময় তারা অন্তুর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তার মা শিরিন আক্তার ছেলের ঘাতকদের গ্রেফতার দাবি করেন।
ইত্তেফাক/কেআই
