পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শহীদ মিনার চত্বরে অশ্লীল নাচ-গানের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে পটুয়াখালীর শহীদ মিনার চত্বরে কলাপাড়ার পৌর-মেয়র বিপুল হালদারের আয়োজনে 'মেয়র নাইট' অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী নৃত্য পরিবেশন করেন। এরপরই অশ্লীলতার অভিযোগ তুলে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অশ্লীল নাচ-গানের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শহীদ মিনারে মেয়র নাইট নামে অনুষ্ঠান আয়োজন করেন কলাপাড়া পৌরমেয়র বিপুল হালদার। ওই অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী নৃত্য পরিবেশন করেন। সেখানে অশ্লীলতার অভিযোগ তুলে আলোচনা হয় ফেইসবুকে। এই অভিযোগের প্রেক্ষিতেই তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, 'এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দেবে। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে'।
আরও পড়ুন: গোপালগঞ্জে মালামালসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
তবে এ বিষয়ে মেয়র বিপুল হালদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/জেডএইচডি
