বগুড়ায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে সংঘর্ষ চলছিলো। এমন সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়। পরে সেখান থেকে পুতু সরকার (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত পুতু সরকার আলোচিত ধর্ষণ মামলার আসামি তুফান সরকার ও মতিন সরকারের ভাই। এ সময় ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গান, পাইপ গান, আট রাউন্ড গুলি ও পাঁচশ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের ভাটকান্দি ব্রিজের পূর্ব মাথায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত পুতুর বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। তিনি জেলার তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক বিক্রেতা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম পুতু সরকার। পিতার নাম মজিবর রহমান। বাড়ি শহরের চক সূত্রাপুরে চামড়াগুদাম লেনে। বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়েকে মাথা ন্যাড়া করে নির্যাতন করার প্রধান আসামি বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও মতিন সরকারের ভাই।
ইত্তেফাক/এএম
