বিক্ষোভের মধ্যে চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন সময় যুক্তরাজ্য সফরে গেছেন , যখন দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি তার সফরের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করছে যুক্তরাজ্যবাসীরা। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প লন্ডনের স্ট্যানস্টিড বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তারা মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যান। কেননা, পুলিশের উদ্বেগ ছিল রাস্তা দিয়ে গেলে বিক্ষোভে আটকা পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট।
আল জাজিরার নিয়েভ বার্কার লন্ডন থেকে জানান, ট্রাম্পকে বিক্ষোভকারীদের কাছ থেকে দূরে রাখতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, লন্ডনে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের চারপাশে ইস্পাতের বেষ্টনী স্থাপন করা হয়েছে। এছাড়াও রয়েছে, সশস্ত্র নিরাপত্তাকর্মীরা, প্রশিক্ষিত কুকুর ও ট্রাম্পের নিজস্ব নিরাপত্তা বাহিনী।
ট্রাম্প তার সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে বৈঠকে করবেন। তারা একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করবেন।
ইত্তেফাক/ জেআর
