ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের আহবান

আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৪:০৯
ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ইউরোপীয় মিত্রদের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি অভিযোগ করেছেন, ইরান জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘন করেছে। খবর আল জাজিরা।
 
খবরে বলা হয়, মাইক পম্পেও বৃহস্পতিবার এক টুইটে ইরানের বিরুদ্ধে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘনের অভিযোগ তোলেন। ইরানের বিরুদ্ধে পম্পেওর অভিযোগ, দেশটি মধ্যপ্রাচ্যজুড়ে অস্ত্র সরবরাহ করছে। 
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউরোপিয়ান নেতাদের প্রতি আহবান জানিয়েছেন, তারাও যেন যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করে। 
 
পম্পেও এক টুইটে লিখেন, এই প্রশাসনের (ইরান) সন্ত্রাসবাদ ও প্রক্সি যুদ্ধে অর্থায়ন করার সকল উৎস আমাদের অবশ্যই কেটে দিতে হবে। ইরান কখন আমাদের দেশগুলোতে সন্ত্রাসবাদ, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করবে তার কোন নিশ্চয়তা নেই। 
 
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, দেশটি সিরিয়া ও ইয়েমেনে আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়িত। 
 
ইত্তেফাক/ জেআর