সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্টগার্ড-বনদস্যু জাকির বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় জিম্মি ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। শ্যামনগর থানার ওসি ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃতরা হলেন- কয়রা থানার কয়রা গ্রামের জবেদ আলীর ছেলে শরিফুল (৩৫) এবং শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের বারী মোড়লের ছেলে মহাসিন (২৮), আব্দুল মজিদের ছেলে শাহীন (৩৫), ছাকাত গাজীর ছেলে রেজাউল (৫৫), কদমতলা গ্রামে নাসিম গাজীর ছেলে আবুল গাজী (৬৫), আটুলিয়া গ্রামের কামাল গাজীর ছেলে নুর ইসলাম (৩৫) ও চুনকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে বক্কার (৪০)।
জানা যায়, পশ্চিম সুন্দরবনের ছোট বৈকারী খাল সংলগ্ন বৌ-ঠাকুরানীর চর নামক স্থানে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কৈখালী কোস্টগার্ড ও বনদস্যু জাকির বাহিনীর মধ্যে ৮০/৯০ রাউন্ড গোলাগুলি হয়। পরবর্তীতে কৈখালী কোস্টগার্ড, দোবেকী কোস্টগার্ড ও আংটি হারা কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে দিনভর ব্যপক তল্লাশি চালিয়ে বনদস্যুদের ব্যবহৃত ২টি ট্রলার, ২টি পাইপগানসহ মুক্তিপণের দাবিতে জিম্মি ৮ জেলেকে উদ্ধার করে।
কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার মো. আমির হোসেন জানান, অস্ত্র শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত জিম্মিদের স্থানীয় চেয়ারম্যান কাশেম মোড়লের মাধ্যমে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
