জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে উত্তর কোরিয়ায় পরিশোধিত তেলজাত পণ্য সরবরাহ বন্ধ করার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে, দেশটি অবৈধ উপায়ে তেলজাত পণ্য আমদানি করছে। এতে করে জাতিসংঘের প্রস্তাবনা লঙ্ঘিত হয়েছে। খবর আল জাজিরার।
খবরে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি ওই প্রতিবেদনটি দেখেছে। বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদন অনুসারে, উত্তর কোরিয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০মে পর্যন্ত ৭ লাখ ৫৯ হাজার ৭৯৩ তেলজাত পণ্য প্রবেশ করেছে। অথচ জাতিসংঘ কর্তৃক দেশটির জন্য নির্ধারিত পরিমাণ হচ্ছে ৫ লাখ ব্যারেল।
এই অবৈধ পণ্যগুলো উত্তর কোরীয় ট্যাংকার ব্যবহার করে জাহাজের মাধ্যমে দেশটিতে প্রবেশ করেছে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওয়াশিংটন, নিরাপত্তা পরিষদের কাছে ঘোষণা দিয়েছে যে, উত্তর কোরিয়া তাদের জন্য নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ তেলজাত পণ্য আমদানি করেছে। তাই দেশটিতে তেল সরবরাহ করা যেন তাৎক্ষনিকভাবে বন্ধ করা হয়।
যুক্তরাষ্ট্রের এই অনুরোধ বিবেচনা করতে নিরাপত্তা পরিষদ পাঁচদিন সময় নেবে। ধারণা করা হচ্ছে, রাশিয়া ও চীন অনুরোধটির বিপক্ষে ভোট দেবে। প্রতিবেদনটিতে উত্তর কোরিয়ায় তেল সরবারের জন্য দায়ী পক্ষ হিসেবে চীন ও রাশিয়ার দিকে আঙুল তুলেছে যুক্তরাষ্ট্র।
ইত্তেফাক/ জেআর
