সিরিয়ার বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৫:৩৪
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দিয়ার ইজর প্রদেশে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটিতে বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা শুক্রবার একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ইরাক সীমান্তবর্তী আল-সৌসা গ্রামের কাছে ‘সমবেত বেসামরিক নাগরিকদের’ ওপর বৃহস্পতিবার রাতে চালানো এ বিমান হামলা ইরাকি বাহিনী চালিয়েছে নাকি আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 
 
তবে সিরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সানা দাবি করেছে, মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হয়েছে। বার্তা সংস্থাটি আরও জানায়, হামলায় নিহত হয়েছে ৩০ জন। আহত হয়েছেন কয়েক ডজন। 
 
ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একটি বরফ কারখানায় হামলা চালানো হয়েছে। স্থানীয়রা কারখানাটিকে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। পর্যবেক্ষণ সংস্থাটি অবশ্য মৃতের সংখ্যা ২৮ বলে দাবি করেছে। বাসস ও স্টার ট্রিবিউন। 
 
ইত্তেফাক/ জেআর