গোপালগঞ্জে ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ নারী নিহত

আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৯:৪৫
গোপালগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।
 
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের জিন্নাত মোল্লার স্ত্রী আসমা বেগম (৫৫), রবিউল মোল্লার স্ত্রী পলি বেগম (৩৫) ও মৃত বাচ্চু মোল্লার স্ত্রী হাসুরা বেগম (৬৫)।
আহত ৩ জনকে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় একজনকে খুলনায় পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
ঘটনাস্থলে আসমা ও পলি মার যান। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাসুরা মারা যান।
 
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আমিনুর রহমান বলেন, পিঙ্গলিয়া গ্রামের রবিউল মোল্লা একটি পিকআপ ক্রয় করেন। এ পিকআপের ব্যবসায়ীক সাফল্য কামনায় তারা পিকআপটি বাগেরহাট খানজাহান আলীর মাজারে নিয়ে দোয়া মেনাজাতের ইচ্ছা পোষণ করেন। সে মোতাবেক পিঙ্গলিয়া গ্রাম থেকে রবিউল তার পরিবারে সদস্য ও আত্মীয়স্বজনসহ ২০ জনকে পিকআপে নিয়ে শুক্রবার বিকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। তাদের ট্রাক গোপালপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আসমা ও পলি নিহত হয়। আহত হন ট্রাক ও পিকআপের ১১ জন। আহতদের  উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায় হাসপাতালে আরো এক নারী চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ অপসারণ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু