গৌরনদীতে ভুয়া নির্বাচন কর্মকর্তা গ্রেফতার

আপডেট : ১৪ জুলাই ২০১৮, ০১:৪২
বরিশালের গৌরনদীতে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয়ার সময় রিপন সরদার (২৬) নামের এক ভূয়া নির্বাচন কর্মকর্তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর ধানডোবা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
এ ঘটনায় উপজেলার উত্তর ধানডোবা গ্রামের মঞ্জু সরদার বাদি হয়ে রিপন সরদারকে আসামি করে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। রিপন উপজেলার নন্দনপট্টি গ্রামের আ. রাজ্জাক সরদারের ছেলে। গ্রেফতারকৃত রিপন সরদারকে শুক্রবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এস.আই আলমগীর হোসেন জানান, গত এক সপ্তাহ যাবত রিপন সরদার নিজেকে বরিশাল নির্বাচন অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি, উত্তর ও দক্ষিণ ধানডোবা, মৈস্তারকান্দি গ্রামের ২ শতাধিক সহজ সরল মানুষকে স্মার্টকার্ড দেয়ার কথা বলে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয়। 
 
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতারক রিপন সরদার উত্তর ধানডোবা গ্রামের হরশীদ তালুকদারের বাড়িতে গিয়ে নারীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নেয়। এ সময় স্থানীয় মঞ্জু সরদার ওই বাড়িতে পৌছে রিপনকে চ্যালেঞ্জ করলে রিপন সদুত্তোর দিতে পারেনি। পরবর্তীতে রিপন সরদারকে আটক করে গ্রামবাসী ওইদিন দুপুরে পুলিশের কাছে সোর্পদ করে। 
 
থানা হাজতে বসে রিপন সরদার সাংবাদিকদের জানায়, সে একটি মোবাইল কোম্পানীর কর্মচারী। উক্ত মোবাইল কোম্পানী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বায়োমের্টিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নিতে বলায় তিনি দুই থেকে তিনশত লোকের বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়েছেন।  
 
ইত্তেফাক/কেআই