বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১১:৪১
জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট। শনিবার পদত্যাগ করেন তিনি। খবর বার্তা সংস্থা এপি’র।
 
খবরে বলা হয়, হাইতির পার্লামেন্টের নিম্নকক্ষে এক ভাষণে লাফনট্যান্ট জানান, তিনি প্রেসিডেন্ট জোভেনেল ময়েজের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ময়েজ এক টুইটের মাধ্যমে লাফনট্যান্ট ও আরও কয়েকজন মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করার কথা নিশ্চিত করেছেন।
 
সম্প্রতি জ্বালানী তেলের ওপর ভর্তুকি তুলে নেয়ার সরকারি ঘোষণার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এসময় দোকানপাট ও বিভিন্ন লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই পরিস্থিতি ঠিকঠাক সামলাতে ব্যর্থ হন লাফনট্যান্ট।
IMG0 
এমতাবস্থায়, লাফনট্যান্টের বিরুদ্ধে একটি তিরস্কার ভোটের আহবান জানানো হয়। ভোটের আগ দিয়ে পদত্যাগ করেন তিনি। উল্লেখ্য, তিরস্কার ভোট, অনাস্থা ভোটের কিছুটা ভিন্ন। অনাস্থা ভোটে পরাজিত হলে পদত্যাগ বাধ্যতামূলক হলেও, তিরস্কার ভোটের ক্ষেত্রে এমনটা বাধ্যতামূলক নয়। 
 
আসন্ন ভোতে লাফনট্যান্টকে ৬-৮ জুলাইয়ে হওয়া দাঙ্গা নিয়ে প্রশ্ন করা হতো। উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে করা এক চুক্তির অংশ হিসেবে সরকার জ্বালানী তেলের মূল্য ৫১ শতাংশ বাড়ালে ওই দাঙ্গার সৃষ্টি হয়। 
 
লাফনট্যান্ট অবশ্য জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিক্ষোভ শুরু হওয়ার পরপরই মূল্য কমিয়ে আনেন। তবে দেশজুড়ে তার পদত্যাগের আহবান বাড়তেই থাকে। 
লাফনট্যান্ট ২০১৭ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 
 
ইত্তেফাক/ জেআর