কারাগারে নওয়াজ, মরিয়মের সঙ্গে দেখা করলো শরিফ পরিবার

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১২:৩১
আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম শরিফের সঙ্গে দেখা করেছেন তাদের পরিবারের সদস্যরা। শনিবার রাতে নওয়াজ ও মরিয়মের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ, তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। খবর দ্য ডনের। 
 
খবরে বলা হয়, সাক্ষাতকারী পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মরিয়মের মেয়ে মেহেরুন নিসা ও শাহবাজের ছেলে হামজা শাহবাজ। কারাগার উপপরিদর্শকের কক্ষে তারা দুই ঘণ্টা ধরে সাক্ষাৎ করেন। 
 
দলের অন্যান্য সদস্যদের জন্য বৃহস্পতিবার সাক্ষাতের দিন ধার্য করেছে কারাগার কর্তৃপক্ষ। কিন্তু সরকারের বিশেষ অনুমতিতে পরিবারের সদস্যরা নওয়াজ ও মরিয়মের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা। 
 
সাক্ষাতের ঘণ্টাখানেক আগে এক সংবাদ সম্মেলনে শাহবাজ বলেন, নওয়াজ ও মরিয়মের মুক্তির জন্য পিএমএল-এন তাদের হাতে খোলা থাকা বৈধ ও রাজনৈতিক সকল অপশন ব্যবহার করবে। উল্লেখ্য, নওয়াজ ও মরিয়মকে তাদের লন্ডনে থাকা সম্পত্তির মামলায় গত সপ্তাহে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 
 
ইত্তেফাক/ জেআর