ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৪:৪৬
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উপজেলার কোর্ট ভবন এলাকায় রবিবার ভোরে সড়ক দুর্ঘটনায় শিশু ও কাজির শিমলা নামকস্থানে সকালে যুবক মারা যান। এদিকে আগেরদিন রাতে উপজেলার সাইনবোর্ড নামকস্থানে অজ্ঞাত নারী (৩০) নিহত হন।
 
জানা যায়, উপজেলার কোর্ট ভবন এলাকায় রবিবার ভোরে দুই ট্রাকের সংঘর্ষে সারা মনি (১০) নামের এক শিশু মারা যায়। তার বাড়ি জেলার তারাকান্দা উপজেলায়। এসময় আহত হন উপজেলার রোমেলা বেগম (২৫), ফরিদগঞ্জের চাঁদপুরের আব্দুল কাদির (৩০) এবং  নোয়াখালীর চরবাজারের শুক্কুর আলী (৩৫)।
 
অপরদিকে সকাল ৭টার দিকে উপজেলার কাজির শিমলা নামকস্থানে কাভার্ডভ্যান এবং ট্রাকের সংঘর্ষে রাজু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালীর মাইজদী বলে জানা যায়। এদিকে শনিবার দিবাগত রাতে উপজেলার সাইনবোর্ড নামকস্থানে একজন অজ্ঞাত নারী (৩০) গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।
 
ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুনিম সারোয়ান জানান, পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি