আশুগঞ্জে নিখোঁজের ১৮ ঘন্টা পর প্রাপ্তির লাশ উদ্ধার

আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২১:৪০
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন ঢাকার নটরডেম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এদের মধ্যে সানজিদা বিনতে তানভীর প্রাপ্তির (২১) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ভৈরব উপজেলার কাঠবাজার এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
 
প্রাপ্তি ঢাকার লক্ষ্মীবাজার এলাকার তানভীর আহমেদের মেয়ে। তিনি নটরডেম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে এখনো নিখোঁজ অপর শিক্ষার্থী ইসরাকুল মেহরাবের (২২) সন্ধান পাওয়া যায়নি।
IMG0
আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ বদরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকেই নৌবাহিনীর ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে নদীতে নামে। নিখোঁজের ১৮ ঘন্টা পর রবিবার সাড়ে ১১টায় ভৈরব কাঠপট্টি এলাকার মেঘনা নদীর মাঝামাঝি স্থান থেকে ভাসমান অবস্থায় প্রাপ্তির লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে প্রাপ্তি ও ইশরাকুলসহ নটরডেম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী কিশোরগঞ্জে ভৈরবে ঘুরতে আসেন। সারাদিন তারা ভৈরব রেলসেতু ও আশপাশ এলাকা ঘুরে বিকেলে আশুগঞ্জ উপজেলার মেঘনার বুকে জেগে উঠা চরসোনারামপুরে যান। সেখানে জাতীয় গ্রিডলাইনের বৈদ্যুতিক টাওয়ারের পাশে মেঘনা নদীতে গোসল করতে নেমে সেলফি তোলার সময় প্রাপ্তি পা পিছলে পানিতে তলিয়ে যান।
 
তাকে বাঁচাতে ইশরাকুল মেহরাব এগিয়ে গেলে তিনিও পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারের জন্য বাকি পাঁচ শিক্ষার্থী নদীতে নামলে একে একে তারাও স্রোতে ভেসে যান। এ সময়  তাদের চিৎকার শুনে স্থানীয়রা ওই পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে।
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেহরাবের সন্ধান পাওয়া যায়নি। তবে মেহরাবকে উদ্ধারে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে মেহরাবের সন্ধানে তার স্বজন, সহপাঠীরাসহ স্থানীয় সহস্রাধিক মানুষ অপেক্ষা করছে মেঘনার দুইপাড়ে।
IMG1
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা জানান, নিখোঁজের ১৮ ঘন্টা পর প্রাপ্তির লাশ উদ্ধার করে সার কারখানা হাসপাতালে রাখা হয়েছে। মেহরাবের সন্ধানে নৌবাহিনীর ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকেই কাজ করছে।
 
ইত্তেফাক/নূহু